সর্বশেষ :

উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬ । ৬:২২ অপরাহ্ণ
উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী

উৎসবমুখর পরিবেশে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) সামার-২০২৬ টার্মে ভর্তি হওয়া ৫৪৬ নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন এবং প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুল ও ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

এরপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রো-ভিসি প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা স্বাগত বক্তব্য দেন। পরে নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও গবেষণাভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নৈতিকতা ও নিয়মনীতি সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি জানান, তাঁর দায়িত্ব গ্রহণের পর ছয়টি উন্নত জাতের উদ্ভাবনে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত ৯৭টি উচ্চফলনশীল জাত ও ২০টির বেশি কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “আগামী দিনে শিক্ষার্থীদের উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে।” তিনি জানান, সরকার রিভার্স ব্রেইন ড্রেইন বাস্তবায়নে কাজ করছে এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে হার্ভার্ড, ক্যামব্রিজ ও এমআইটির আদলে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

বাংলাদেশের মানচিত্র