সর্বশেষ :

গাজীপুরে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরল প্রশাসন


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : মে ১৩, ২০২৬ । ২:২৯ অপরাহ্ণ

গাজীপুরে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে গৃহীত অগ্রাধিকারমূলক কার্যক্রমের অগ্রগতি ও সুফল তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে কাজ চলছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষকের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ রক্ষায় সরকার সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খননের মতো উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ খাতের অগ্রাধিকার কার্যক্রম তুলে ধরেন। সিভিল সার্জন ডা. মো. মামুনুর রশীদ ই-হেলথ কার্ড, মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও ডিজিটাল স্বাস্থ্যসেবার বিষয়ে বক্তব্য দেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান জানান, সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী ১৬ মে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান জানান, ‘কৃষক স্মার্ট কার্ড’-এর মাধ্যমে কৃষকরা ঋণ, ভর্তুকি ও সারসহ ১০ ধরনের সেবা পাবেন। পাশাপাশি বার্ষিক আর্থিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা বলেন, জেলার লবণদহ নদীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল—চৌক্কার খাল, গাছা খাল, রাউতকোনা খাল ও চীলাই খালের খননকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এর মধ্যে কয়েকটির ৭০ থেকে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া পরিবেশ রক্ষায় প্রায় ২ লাখ হেক্টর জমিতে আড়াই লাখ ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের পরিকল্পনার কথাও জানান তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ পরিবহন সুবিধা এবং বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন জানান, সরকারের জনমুখী উদ্যোগগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চলচ্চিত্র প্রদর্শনী, উঠান বৈঠক ও নারী সমাবেশসহ বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একইভাবে গাজীপুরকে এগিয়ে নিতে জেলা প্রশাসকের প্রতিও তিনি আহ্বান জানান।

সভায় বক্তারা দেশের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে সঠিক ও ইতিবাচকভাবে তুলে ধরতে সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

বাংলাদেশের মানচিত্র

Exit mobile version