বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কারাগার হতে হবে সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান

কারাগার হতে হবে সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান
বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় :

গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া মঙ্গলবার (১২ মে) কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় জেলা ম্যাজিস্ট্রেট কারাবন্দীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। প্রতিকারযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, “কারাগার শুধু বন্দি রাখার স্থান নয়, এটি সংশোধন ও পুনর্বাসনের একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে হবে।” তিনি বন্দিদের মানবিক উন্নয়ন ও পুনর্বাসনমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসাঈন, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনসহ কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা ম্যাজিস্ট্রেট কারা প্রাঙ্গণে পৌঁছালে কারা কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করে।