বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে কাজ করবে সরকার – তারেক রহমান

গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে কাজ করবে সরকার – তারেক রহমান
বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় :

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং এই স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী জানান, তিনি নিয়মিত পত্রিকা পড়েন ও টেলিভিশন দেখেন এবং গণমাধ্যমে উঠে আসা বিষয়গুলো গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেন। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি। একই সঙ্গে গণমাধ্যম মালিকদের সঙ্গে নিয়মিত সংলাপের গুরুত্ব তুলে ধরে প্রতি তিন মাস অন্তর এমন বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।

বৈঠকের শুরুতে নোয়াব সভাপতি ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, একসময় শিল্প হিসেবে স্বীকৃতি পাওয়া সংবাদপত্র খাত বর্তমানে নানা সংকটে রয়েছে।

নোয়াব নেতারা বিগত সরকারের আমলে বকেয়া সরকারি বিজ্ঞাপনের বিল পরিশোধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং গ্রেফতার সাংবাদিকদের জামিনের বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

দুপুর ২টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠকটি বিকেল সাড়ে ৩টায় শেষ হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী নোয়াব সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং গ্রুপ ছবি তোলেন। বিএনপি সরকার গঠনের পর নোয়াবের সঙ্গে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ নোয়াবের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

###

জা/নি-২২-০৪