রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

গাজীপুরের ভাওয়াল রিসোর্টে অভিযান: এক্সটাসি-ক্যানাবিসসহ গ্রেফতার ৬ জন

গাজীপুরের ভাওয়াল রিসোর্টে অভিযান: এক্সটাসি-ক্যানাবিসসহ গ্রেফতার ৬ জন
বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় :

গাজীপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি রিসোর্টে চলা ডিজে পার্টিতে অভিযান চালিয়ে মাদকসহ ৬ জনকে গ্রেফতার করেছে যৌথ টাস্কফোর্স। উদ্ধার করা হয়েছে এক্সটাসি, ক্যানাবিস ও বিদেশি মদ।

গাজীপুর ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতে এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে জেলা প্রশাসন ও মাদকবিরোধী টাস্কফোর্স। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে সিনথেটিক মাদক ও দেশি-বিদেশি মদ জব্দ করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আরিফ হোসেন এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স) মো. বশির আহমেদ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক ও মো. ফয়সালের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩৫ জন, র‍্যাব-১ এর ২০ জন এবং জয়দেবপুর থানা পুলিশের ১৫ জন সদস্যসহ মোট ৭০ জন অংশ নেন।

অভিযানকারী দল রাত আনুমানিক ৯টার দিকে রিসোর্টে প্রবেশ করে। প্রথমে কনফারেন্স কক্ষে চলমান ডিজে পার্টিতে অভিযান চালানো হয়। পরে রিসোর্টের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজধানীর গুলশান-২ এলাকার জাহিদুল আলম জয় (৩৪), বাড্ডার রেদোয়ান হাসান চৌধুরী (৩৩), কাফরুলের ফয়জুল ইসলাম খান লাবিব, বসুন্ধরা আবাসিক এলাকার আবির হোসেন (২৩), ইফতিয়ার কাসেম চালী (৩০) এবং গাজীপুরের বাঘের বাজার এলাকার জিহাদ আহম্মেদ রাফি (১৯)।

অভিযান চলাকালে ডিজে পার্টি ভেন্যু এবং রিসোর্টের ২০৯ ও ৪০৬ নম্বর কক্ষ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে- এমডিএমএ (এক্সটাসি) ৯ পিস (৫.৫ গ্রাম), কুশ ৫ গ্রাম, ক্যানাবিস চকলেট ১৬৫ গ্রাম (২ প্যাকেট), ১০১ ক্যান বিয়ার (৩৩.৩৩ লিটার) এবং ৩ বোতল বিদেশি মদ (অ্যাবসোলিউট ভোদকা)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ‘আর্ট এক্স’ নামের ব্যানারে জাহিদুল আলম জয়ের নেতৃত্বে এই ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টির আড়ালে তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন সিনথেটিক মাদক সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য জাহিদুল আলম জয় রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। তবে এ ধরনের আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি।

এ বিষয়ে উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

###

গবা-১৮-০৪