প্রকাশের সময় :
গাজীপুরে নবীন আইনজীবীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন ও মর্যাদাপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান। গাজীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা আইন পেশায় সততা, শৃঙ্খলা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার (১৩ মে) বিকেলে সমিতি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিচার বিভাগ, আইনজীবী সমাজ এবং নবীন প্রজন্মের আইনজীবীদের মিলনমেলায় সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল হাসনাত মোঃ আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২ নং আদালত) মোঃ আব্দুল হাই, অতিরিক্ত মহানগর দায়রা জজ শুভ্রা চক্রবর্তী, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ এবং মেট্রোপলিটন রেজিস্ট্রার মোঃ রাকিবুল ইসলাম।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
স্বাগত বক্তব্যে সভাপতি বলেন, আইন পেশা কেবল জীবিকার মাধ্যম নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকারের রক্ষাকবচ হিসেবে কাজ করে। তিনি নবীন আইনজীবীদের সততা, দক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে সমাজে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সিনিয়র আইনজীবী আলাউদ্দিন দীন হোসেন, সমিতির সহ-সম্পাদক মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী, নীল দলের সভাপতি প্রার্থী মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ কামরুল ইসলাম শাকিল, সবুজ দলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া এবং সেক্রেটারি প্রার্থী অ্যাডভোকেট শরিফ উদ্দিনসহ সিনিয়র আইনজীবীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল হাসনাত মোঃ আবদুল ওয়াদুদ বলেন, “আইনজীবীরা বিচার ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। নবীন আইনজীবীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করতে হবে।” তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠাকে সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন।
বিশেষ অতিথি মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির বলেন, নতুন প্রজন্মের আইনজীবীদের দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। আদালত অঙ্গনে শৃঙ্খলা, পেশাগত আচরণ ও পারস্পরিক সম্মান বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নবীন আইনজীবীদের পক্ষ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট মাজারুল আলম, অ্যাডভোকেট আব্দুল কাদের, অ্যাডভোকেট সুমন মিয়া ও অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মামুন অনুভূতি প্রকাশ করেন। তারা আইনজীবী সমিতির এ আয়োজনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। সমিতির জ্যেষ্ঠ আইনজীবী, বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক নবীন আইনজীবীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।