শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ডুয়েটের নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা

ডুয়েটের নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা
বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় :

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) নিজ কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং কর্মচারী সমিতির নেতৃবৃন্দ তাঁকে এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে নতুন উপাচার্য বলেন, “দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের অভিভাবকত্ব পেয়ে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, আধুনিক গবেষণা, নতুন উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে আন্তর্জাতিক বিশ্বের দরবারে একটি অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো।”

উল্লেখ্য, গত ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন।

উল্লেখ্য,​ ডুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দীর্ঘ ৩৪ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেট-এর সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন। এছাড়া তিনি শাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডীন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) বিভাগ এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট এবং সিলেট ইউনিভার্সিটি কলেজ পরিচালনা বোর্ডের সভাপতিসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি বুয়েটের ডীন ও স্মার্ট বিশ্ববিদ্যালয় ভিসিদের সম্মেলন সেফটি বোর্ডের মেম্বার এবং সিকিউরিটি কনসাল্টেন্ট হিসেবেও কাজ করেন।

ড. মোহাম্মদ ইকবাল ভারতের অন্ধ্র প্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (বিএসসি) সম্পন্ন করেন। এরপর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আইপিই এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ডান্ডি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দেশ-বিদেশের বিভিন্ন রিভিউড জার্নালে তাঁর বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে ১০টিরও বেশি প্রবন্ধ উপস্থাপন করেছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল মূলত বায়োমেকানিক্স অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন, ইআরপিএম ও পরিবেশ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত। গবেষণা ও একাডেমিক নেতৃত্বে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (IEOM) সোসাইটি ইন্টারন্যাশনাল থেকে ‘ডিস্টিংগুইশড প্রফেসর অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড’ লাভ করেন।

​তিনি আইইওএম (IEOM) সোসাইটি ইন্টারন্যাশনাল, ইনস্টিটিউশন অব ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইইবি), বিএসএমই বাংলাদেশ শাখা, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং অ্যালামনাই সোসাইটি অব বাংলাদেশের মতো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পেশাজীবী সংগঠনের সক্রিয় ও জীবন সদস্য।