প্রকাশের সময় :
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভোগড়া বাইপাস মোড়ে শুক্রবার (১ মে) এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মহানগর সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাসিবুল হাসান হাসিবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক নেতা কবির আহমেদ, মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, মনসুর আহমেদ, আসাদুজ্জামান ও আশরাফ আলী কাজলসহ আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানব সম্পদই সবচেয়ে বড় সম্পদ। একটি জাতি যখন তার শ্রমিকদের সম্মান করে, তখনই সে জাতি উন্নতির পথে এগিয়ে যায়। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেশের প্রায় ৮০ শতাংশ শ্রমজীবী মানুষকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারিনি। ফলে অধিকাংশ সম্পদ চলে গেছে মাত্র ২৫ শতাংশ মানুষের হাতে।”
তিনি আরও বলেন, “বিদেশে শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয় বলেই আমাদের দেশের লাখ লাখ মানুষ প্রতিবছর বিদেশে পাড়ি জমাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে।”
বক্তারা বলেন, শ্রমিক অধ্যুষিত এ অঞ্চলে সরকারের উচিত ছিল শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি নিশ্চিত করা গেলে বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের রাষ্ট্রে পরিণত হবে, ইনশাআল্লাহ।
###