বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে বাউবির সমন্বয় সভা

সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে বাউবির সমন্বয় সভা
বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় :

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও সফলভাবে সম্পন্নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় জুম প্ল্যাটফর্মে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

তিনি বলেন, বাউবি শিক্ষার্থীবান্ধব, স্বচ্ছ ও মানসম্মত পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এসএসসি পরীক্ষা-২০২৬ যথাযথ পরিকল্পনা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।

তিনি পরীক্ষার্থীদের সুবিধা, নিরাপত্তা ও নির্ভুল মূল্যায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখতে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র, পরীক্ষা কেন্দ্রের সমন্বয়কারী, ইনভিজিলেটর ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ ও কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য আরও জানান, যেকোনো সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত রয়েছে এবং শিক্ষার গুণগত মান ও পরীক্ষাব্যবস্থার প্রতি জনআস্থা বজায় রেখে এ পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্যাহ মাহামুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিএম আহমেদ হুসেইন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা, এসএসএস বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তালেব, আইসিটি হেড মোঃ মমিনুল ইসলামসহ আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানগণ এবং পরীক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা তাঁদের অধীনস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে পরীক্ষা কার্যক্রম আরও সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।