প্রকাশের সময় :
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচার এবং গাজীপুরের শ্রীপুরে দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। এ সময় সাংবাদিক হত্যার বিচার, হয়রানিমূলক মামলা বন্ধ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর থানা রোডে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা এবং হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা না হলে গণমাধ্যমকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে। তাঁরা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচার এবং এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। পাশাপাশি তদন্তে অভিযোগের সত্যতা না মিললে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান।
নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে, এস এম জহিরুল ইসলাম (৩২) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা। তিনি মো. শাহজাহানের ছেলে এবং দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি। পাশাপাশি তিনি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক।
জহিরুল ইসলামের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধে হস্তক্ষেপ করায় প্রতিপক্ষের এক নারী তাঁকে প্রধান আসামি করে মামলা করেছেন। তাঁর দাবি, মামলায় উল্লেখ করা ঘটনার সঙ্গে তিনি জড়িত নন; উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে মামলায় জড়ানো হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।
দৈনিক আমাদের সময়-এর শ্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল।
এ সময় বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্ত-এর শ্রীপুর প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মোহাম্মদ মোজাহিদ, আশরাফুল ইসলাম সরকার, মুনসুরুল ইসলাম ও হাসান হাবিবসহ অন্য সাংবাদিকেরা।
বক্তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক যেন হয়রানি বা প্রতিশোধমূলক আচরণের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও জনগণের তথ্য জানার অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন শেষে সাংবাদিকেরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শ্রীপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা রোডে এসে শেষ হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আরফান আলী বলেন, জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতে দায়ের করা মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষ হলে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।