প্রকাশের সময় :
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের স্বীকৃতি ছাড়া প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার অভিযোগে ঝিনাইদহের এপেক্স ভেটেরিনারি মেডিকেল ইন্সটিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কাউন্সিলের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের মুজিব চত্বর-সংলগ্ন প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিনাক্ষী নাগ।
অভিযানকালে প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের স্বীকৃতি ছাড়া প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার অভিযোগে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পাশাপাশি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।