প্রকাশের সময় :
৭ দিনের মধ্যে গার্মেন্টস মজুরি বোর্ডের গেজেট, গাজীপুরে শ্রমমন্ত্রী। তৈরি পোশাকশিল্পে চলমান শ্রম অসন্তোষ নিরসন এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আগামী সাত দিনের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, মজুরি বোর্ড নিয়ে একটি স্বার্থান্বেষী মহল ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। শ্রমিক নন, অথচ শ্রমিক সংগঠনের নেতা পরিচয় দিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে। এ বিষয়ে মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতারা সজাগ রয়েছেন।
তিনি জানান, মজুরি বোর্ড গঠনের বিষয়ে ইতোমধ্যে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়া গেছে। আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট প্রকাশ করা হবে।
সভায় কারখানার মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের নিয়মিত ও বকেয়া মজুরি পরিশোধ করতে হবে। শিল্পাঞ্চলের সার্বিক সমস্যা সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।
জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সংসদ সদস্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুর কার্যালয়, বিজিএমইএ, বিকেএমইএ এবং মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এ সেল গঠন করা হবে।
মন্ত্রী জানান, শিল্পাঞ্চলের যেকোনো সমস্যা এ সেলে জানানো হলে জেলা প্রশাসক সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। তিনি অযথা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না করে নির্ধারিত মনিটরিং সেলের মাধ্যমে সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম।
এ ছাড়া সভায় তৈরি পোশাকশিল্পের মালিক-শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।