প্রকাশের সময় :
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবির মুখে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে স্থায়ী নিম্নতম মজুরি বোর্ড এবং তৈরি পোশাক খাতের জন্য পৃথক বোর্ডে প্রতিনিধি নিয়োগ দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
সাম্প্রতিক সময়ে গাজীপুর, আশুলিয়া ও ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে বকেয়া বেতন পরিশোধ, বৈষম্যহীন গ্রেড নির্ধারণ এবং ন্যূনতম মজুরি ২৫ থেকে ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে মজুরি বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিিবাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর বিধান অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনে স্থায়ী নিম্নতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
একই বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে মনোনীত করা হয়েছে।
অন্যদিকে, তৈরি পোশাক খাতের বিশেষ মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন।
শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
রাষ্ট্রপতির আদেশক্রমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
সংশ্লিষ্ট মহলের আশা, নবগঠিত বোর্ডে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের কার্যকর আলোচনার মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারিত হবে। এর ফলে দেশের প্রধান রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা নিরসন এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় ইতিবাচক অগ্রগতি হতে পারে।
###