প্রকাশের সময় :
স্লোগান: পরিচ্ছন্ন গাজীপুর, সুন্দর গাজীপুর।
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবৈধ স্থাপনা, ভ্রাম্যমাণ দোকান, হকার ও অন্যান্য অবৈধ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২ নভেম্বর) গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশন এলাকার সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবগতির জন্য জানানো যাচ্ছে, নিজ নিজ দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবৈধ স্থাপনা, ভ্রাম্যমাণ দোকান, হকার কিংবা অন্য কোনো অবৈধ ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হলে তা অবিলম্বে নিজ উদ্যোগে অপসারণ করতে হবে।
এতে আরও বলা হয়, পরবর্তী সময়ে কোনো দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ধরনের অবৈধ স্থাপনা, ভ্রাম্যমাণ দোকান, হকার কিংবা অবৈধ ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হতে দেখা গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে নির্দেশনা প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।