প্রকাশের সময় :
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র্যাঙ্কিং ২০২৭-এ দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯৮তম স্থান অর্জন করে শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছে। একই র্যাঙ্কিংয়ে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে এশিয়ায় ৮৬তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
গত ৩ নভেম্বর আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রতিষ্ঠান কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত এ তালিকায় এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা এবং গবেষণার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন এ সাফল্য। গবেষণার সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া ও দেশের টেকসই উন্নয়নে অবদান রাখাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য।
এর আগে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয় গাকৃবি। এ ছাড়া টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় এবং টিএইচই সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ইউআরআই ২০২৬-এ একটি ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিং ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি।