প্রকাশের সময় :
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় রাজু নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
নিহত রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি একটি হত্যা মামলায় হাজতি হিসেবে কারাবন্দি ছিলেন। কারাগারে তার হাজতি নম্বর ৯৪২৩/২৬।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সোয়া ২টার দিকে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। পরে দায়িত্বরত কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, দ্রুত তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যু-সংক্রান্ত প্রমাণপত্রে মৃত্যুর কারণ হিসেবে ‘Hanging’ উল্লেখ করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, রাজুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত সম্পন্ন হবে।
###