প্রকাশের সময় :
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের নজরুল ইসলাম মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ এ কনভেনশনের আয়োজন করে।
গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) প্রধান শ্রম সংস্কার কমিশন ও নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।
এ ছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও টিসিসির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও নিম্নতম মজুরি বোর্ডের সদস্য বাবুল আক্তার, বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি নূরুল আমীন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মোসলেহ উদ্দিন শহীদ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চেয়ারম্যান তৌহিদুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সহসাধারণ সম্পাদক শাহ সফিউল আলম এবং বাংলাদেশ টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি এসএম আবু সাঈদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, গত জুলাই আন্দোলনে তিন শতাধিক শ্রমিক জীবন দিয়েছেন। শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলন কখনো ভাঙচুরের আন্দোলন হতে পারে না। সরকারকে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, নিহত তৌফিকের পরিবারকে পুনর্বাসন করতে হবে এবং এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া শ্রমিকদের দ্রুত মুক্তি দিতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তৌফিকের জীবনের বিনিময়ে এ দেশের ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হবে।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, যেসব দেশে শ্রমিকদের মজুরি বেশি, সেসব দেশে শ্রমিকের মর্যাদা ও শ্রমের গুণগত মানও অনেক বেশি। শ্রমিকের মজুরি বৃদ্ধি হলে দেশ শেষ হয়ে যাবে- এ ধরনের চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারি মো. শামসুদ্দোহা। পরে বিভিন্ন শ্রমিক ফেডারেশন ও সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার, কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
###