, || - ||

সাংবাদিকদের আপত্তিতে CFVA অ্যাওয়ার্ডে থাকছেন না পরীমণি

সাংবাদিকদের আপত্তিতে CFVA অ্যাওয়ার্ডে থাকছেন না পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশের সময় :

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেত্রী পরীমণিকে। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামে CFVA আয়োজিত অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা ছিল।

গত ৬ নভেম্বর পরীমণি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ তবে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশ নেওয়া হচ্ছে না তাঁর।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আয়োজক প্রতিষ্ঠানের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাংবাদিকদের অনুরোধেই পরীমণিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে।

জানা গেছে, অনুষ্ঠানে পরীমণির অংশ নেওয়ার খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রতিবাদ জানান। কয়েকটি সাংবাদিক সংগঠন অনুষ্ঠান বয়কট ও প্রতিহতের ঘোষণাও দেয়। এরপর আয়োজকরা তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পরীমণির অপ্রীতিকর ঘটনা ঘটে। নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে গালিগালাজ করেন এবং একজন সাংবাদিককে খামচি মারার অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, তাঁর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরাও সাংবাদিকদের ওপর চড়াও হন। এ ঘটনায় এক বিচারপ্রার্থী আহত হন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে পরীমণিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক প্রতিষ্ঠান।