, || - ||

‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: ৭ নভেম্বরের সমাবেশে তারেক রহমান

‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: ৭ নভেম্বরের সমাবেশে তারেক রহমান
স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় :

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন গ্রাম পুলিশ সদস্যদের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণাও দেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে যোগ দেন প্রধানমন্ত্রী। সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় একটি ঐতিহাসিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।

প্রদর্শনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নেন।

পরে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে ফাতেহা পাঠ করেন। এ সময় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে তিনি অনুষ্ঠানে যোগ দেন।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্য সমাবেশে অংশ নেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আট বিভাগ থেকে নির্বাচিত শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশ সদস্যের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন তিনি।

মহাসমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। গ্রাম পুলিশ প্রধানের বেতন ৩ হাজার টাকা বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে। একই পরিমাণ বাড়িয়ে গ্রাম পুলিশ সদস্যদের বেতন ১০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য সমুন্নত রাখতে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের চেতনা ধারণ করতে হবে।

তিনি বলেন, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও দেশের প্রতি দায়িত্ববোধ জোরদার করা জরুরি।

এদিকে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সার্বভৌমত্ব র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানেও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী মানুষের প্রতি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ- সবার আগে বাংলাদেশ।’

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত। ওই দিন বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে দেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে।

দিবসটি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা ধারণের আহ্বান জানানো হয়।