প্রকাশের সময় :
সমবায় আন্দোলনের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষক ও উৎপাদনকারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, অর্থনৈতিক বৈষম্য নিরসন ও সামাজিক অগ্রগতিতেও সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলায় কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে সমবায় আন্দোলনের সূচনা হলেও এর মূল ধারণার সঙ্গে প্রাচীন বাংলার স্বয়ংসম্পূর্ণ গ্রামব্যবস্থার সাদৃশ্য রয়েছে। সে সময় গ্রাম সমিতির মাধ্যমে তহবিল গঠন করে দরিদ্র কৃষকদের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করা হতো। আধুনিক সমবায় ব্যবস্থায় সেই ধারণারই নতুন রূপ দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, সমবায়ের মাধ্যমে উৎপাদকরা ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ পান। এতে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমে এবং কৃষক ও উৎপাদনকারীরা তাঁদের পণ্যের ন্যায্য অধিকার আদায়ে সক্ষম হন। পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য কমিয়ে সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিএনপি নেতাকর্মী এবং সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
###