প্রকাশের সময় :
সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে নবীন বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারি কর্মকর্তাদের কাছ থেকে জনগণ শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিক আচরণও প্রত্যাশা করে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি সরকারের সামগ্রিক সফলতার জন্য দক্ষ, সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের গুণাবলি একজন কর্মকর্তার ব্যক্তিগত সমৃদ্ধির পাশাপাশি রাষ্ট্র ও সরকারকেও এগিয়ে নেয়।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, একাডেমিক শিক্ষা অর্জনের পর প্রশিক্ষণের মাধ্যমে তারা বাস্তব কর্মক্ষেত্রে সেই জ্ঞান প্রয়োগের কৌশল শিখেছেন। এখন নিজ নিজ কর্মস্থলে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্য দিয়ে অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটাতে হবে।
তিনি বলেন, বিসিএসের বিভিন্ন ক্যাডারে কর্মকর্তাদের কর্মস্থল ও কাজের ধরন ভিন্ন হলেও সবার প্রধান পরিচয় তারা জনপ্রশাসনের কর্মকর্তা। আর তাদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা।
সরকারি দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় সম্পর্কে কর্মকর্তারা অবগত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জানা বিষয়গুলো বাস্তবে প্রয়োগের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্মোহভাবে নাগরিক সেবায় আত্মনিয়োগ করতে হবে। নিজেরা অন্যের কাছ থেকে যে ধরনের আচরণ প্রত্যাশা করেন, সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গেও তেমন আচরণ করতে হবে।
নাগরিক সেবায় মানবিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কোনো আবেদনপত্রে ভুল থাকলে শুধু ভুলের কথা জানিয়ে আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। বরং নির্দিষ্ট ভুলটি দেখিয়ে দিয়ে কোথায় এবং কীভাবে সংশোধন করতে হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া প্রয়োজন। এটিই আন্তরিকতা ও মানবিকতার পরিচয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশাসনের কর্মকর্তাদের অবশ্যই আইন ও বিধিবদ্ধ নিয়মের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে। তবে দায়িত্ব পালনের সময় নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করাও আধুনিক রাষ্ট্র ও প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের যেকোনো স্থানে জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের মানসিক প্রস্তুতি থাকাই প্রকৃত পেশাদারিত্বের পরিচয়। একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়।
প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকতে পারে। তবে সেই সমর্থনের প্রকাশ ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।
তিনি বলেন, বর্তমান সরকারও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। তবে নির্বাচনে জনগণ যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সেটি এখন জনগণের ইশতেহার ও দলিল। সেই ইশতেহার বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা সহজ ও নাগরিকবান্ধব করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতা অত্যন্ত জরুরি। নবীন কর্মকর্তাদের এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।
পরিবেশ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘরবাড়ি, অফিস-আদালতসহ চারপাশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।