প্রকাশের সময় :
গাজীপুর মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং দমন এবং গার্মেন্টস সেক্টরে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নবাগত পুলিশ কমিশনার মো: আশিক সাইদ। সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেনসহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয় এবং পরে নগরীর চলমান বিভিন্ন সংকট ও সমাধান নিয়ে সাংবাদিকদের মতামত শোনেন নবাগত পুলিশ কমিশনার। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য ও পরামর্শ তুলে ধরেন সাংবাদিক দেলোয়ার হোসেন, ফজলুল হক মোড়ল, মুজিবুর রহমান, রেজাউল বারী বাবুল, আজিজুল হক, ইকবাল আহমেদ সরকার, আবুল হোসেন, মুজিবুর রহমান, ইজাজ আহমেদ মিলন প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ কমিশনার বলেন, “৫ আগস্টের পর বর্তমান পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে কার্যকর রাখতে এবং আইন-শৃঙ্খলা সমন্বিত ও উন্নত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমি গাজীপুরে দায়িত্ব নেওয়ার পর থেকেই এখানকার সার্বিক বিষয় পর্যালোচনা করছি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যে অসন্তোষ ও অস্থিরতা তৈরি হচ্ছে, তা নিরসনে পুলিশ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে কাজ চলছে।”
এ সময় সভায় জানানো হয়, কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন এলাকার প্রায় ১৭-১৮টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতির কারণে সাময়িক ছুটি দেওয়া হয়েছে, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
মাদক নির্মূলে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে কমিশনার স্পষ্ট বার্তা দেন, “মাদকের বিষয়ে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করব। এর সাথে যে-ই জড়িত থাকুক না কেন- তিনি রাজনৈতিক দলের লোক হোন কিংবা পুলিশ সদস্য- কাউকেই ছাড় দেওয়া হবে না।”
নগরীর ছিনতাই ও অনলাইন জুয়া প্রসঙ্গে তিনি বলেন, ছিনতাই রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অনলাইন জুয়া বর্তমান সমাজের একটি বড় ব্যাধিতে পরিণত হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু চক্রের সন্ধান পাওয়া গেছে এবং খুব দ্রুত এ বিষয়ে দৃশ্যমান ফলাফল দেখা যাবে।
এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, কোমলমতি স্কুল-কলেজের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোর গ্যাংয়ের উৎপাত ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্কুল শুরু ও ছুটির সময়ে পুলিশের বিশেষ মোবাইল টিম দায়িত্ব পালন করবে।
গাজীপুরের তীব্র যানজট নিরসন প্রসঙ্গে তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ন ও সড়কের স্বল্পতার কারণে যানজট মারাত্মক আকার ধারণ করছে। ট্রাফিক বিভাগ সকাল থেকেই মাঠে নিরলসভাবে কাজ করছে। এটিকে কীভাবে আরও সুশৃঙ্খল ও পরিকল্পিত উপায়ে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
গাজীপুর মহানগরীকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সাংবাদিকসহ নগরবাসীর তথ্য ও গঠনমূলক পরামর্শ কামনা করে কমিশনার তাঁর বক্তব্য শেষ করেন।
###