, || - ||

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩১ হাজার টাকা করার দাবি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩১ হাজার টাকা করার দাবি
স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় :

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩১ হাজার টাকা নির্ধারণের দাবি

জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দ্রুত শ্রমিকবান্ধব মজুরি কাঠামো ঘোষণার আহ্বান

পোশাক শ্রমিকদের জন্য ন্যায্য, যৌক্তিক ও জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি ৩১ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন সংসদ সদস্য, শ্রমিক নেতা, অর্থনীতিবিদ, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য মজুরি নিশ্চিত না করে পোশাকশিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ আয়োজিত ‘পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বাস্তবতা, মানদণ্ড ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান।

বৈঠকে বক্তব্য দেন সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী ও নাজমুন নাহার নীলু, শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশনের (ইপসু) মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ, তুরস্কের তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল, আইবিডব্লিউএফের সহসভাপতি আনোয়ারুল ইসলাম রাজু এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার।

উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলেও শ্রমিকেরা তাঁদের অবদানের তুলনায় ন্যায্য মজুরি ও সম্মানজনক জীবনযাপন থেকে বঞ্চিত। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ জরুরি।

সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী বলেন, শ্রমিকদের জীবনযাত্রার পরিবর্তন যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না। মালিকেরা যাতে বাস্তবসম্মতভাবে শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যদিকে সংসদ সদস্য নাজমুন নাহার নীলু নারী শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও বিশেষ সুযোগ-সুবিধার ওপর গুরুত্বারোপ করে বলেন, গার্মেন্টসশিল্প বাঁচলে রপ্তানি বাঁচবে, দেশ বাঁচবে।

শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি যৌক্তিক ও ন্যায়সংগত ছিল না। এবারও যেন অযৌক্তিক মজুরি নির্ধারণ না হয়। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, আগামী ২৩ নভেম্বর মজুরি নিয়ে দর-কষাকষি হবে। শ্রমিকদের সন্তুষ্ট করতে না পারলে তাঁদের প্রতিনিধি হিসেবে নিজেদের সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। ওই বৈঠকে ন্যূনতম মজুরি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে।

অধ্যাপক হারুনুর রশীদ খান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার আহ্বান জানান। অর্থনীতিবিদ ড. শিব্বির আহমদ বলেন, বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি শুধু কম নয়, অযৌক্তিকও। সস্তা শ্রমের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে।

ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, রাষ্ট্রের উন্নয়নের প্রকৃত মাপকাঠি জনগণের জীবনমান। ব্যারিস্টার আল মামুন রাসেল শ্রমিকদের নিয়োগপত্র, ট্রেড ইউনিয়ন করার অধিকার ও কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের দাবি জানান।

ডা. মো. আতিয়ার রহমান নারী শ্রমিকদের অপুষ্টি ও রক্তশূন্যতার বিষয়টি তুলে ধরে প্রতিটি কারখানায় চিকিৎসাকেন্দ্র, ছয় মাস মাতৃত্বকালীন ছুটি এবং শিশুদের জন্য কিন্ডারগার্টেন প্রতিষ্ঠার প্রস্তাব দেন। আনোয়ারুল ইসলাম রাজু প্রয়োজনে সরকারি ভর্তুকির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বান জানান।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, শ্রমিকেরা এমন মজুরি চান, যাতে তাঁরা নিজেরা এবং পরিবার-সন্তানদের নিয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে তিনি কারখানায় ভাঙচুর পরিহার করে উৎপাদন সচল রাখার আহ্বান জানান এবং শ্রমিক হয়রানি বন্ধের দাবি করেন।

বৈঠকে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশের উন্নয়ন, নারী শ্রমিকদের অধিকার, ট্রেড ইউনিয়নের সুযোগ এবং শিল্প খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শ্রমিক, মালিক ও সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে এবং পোশাকশিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।

👁️ পাঠক দেখেছেন: লোড হচ্ছে...