প্রকাশের সময় :
ডুয়েটে বাস্তবায়নাধীন তিনটি হিট প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল। প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে গবেষণার ফলাফল বাস্তব প্রয়োগে নিয়ে আসা এবং নির্ধারিত সময়ে প্রকল্পের লক্ষ্য অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট), গাজীপুরে বাস্তবায়নাধীন তিনটি হিট প্রকল্পের প্রগ্রেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্পের আওতায় স্থাপিত বিভিন্ন ল্যাবরেটরি ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. আব্দুস সাহিদ, অধ্যাপক ড. এ.এন.এম. মোমিনুল ইসলাম মুকুট এবং অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদ।
পরিদর্শন শেষে ইউজিসি প্রতিনিধি দল ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য বলেন, ‘হিট প্রকল্পের মাধ্যমে আমরা গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নের একটি বড় সুযোগ পেয়েছি। তবে বাস্তবায়নের পথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে দরপত্র আহ্বান, দাখিল ও মূল্যায়ন পর্যন্ত অনেক সময় লাগে। এ ক্ষেত্রে ইউজিসির মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
গবেষণার মানোন্নয়ন ও উদ্ভাবনী গবেষণাকে বাস্তব প্রয়োগে নিয়ে আসার লক্ষ্যে ডুয়েটে একটি টেকনোলজি ট্রান্সফার অফিস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, এ বিষয়ে ইতোমধ্যে ইউজিসিতে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। অফিসটি প্রতিষ্ঠিত হলে শিক্ষক ও গবেষকদের উদ্ভাবনী ধারণা বিকাশ এবং গবেষণার ফলাফল শিল্পক্ষেত্রে ব্যবহারের সুযোগ তৈরি হবে।
বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণাগার ব্যবহারের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করা সম্ভব।
উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভূমিকা হবে শিল্প, শিক্ষা ও সমাজের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। আমরা চাই, প্রকল্পের ফলাফল যেন সমাজের কাছে দৃশ্যমান হয় এবং মানুষ এর সুফল সরাসরি ভোগ করতে পারে।’ বিদেশি প্রযুক্তি ব্যয়বহুল হওয়ায় সাশ্রয়ী ও টেকসই দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
পরিদর্শনকালে ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা ডুয়েটের হিট প্রকল্পের আওতায় চলমান গবেষণা কার্যক্রমকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন। তাঁরা বলেন, আধুনিক সরঞ্জাম ও দক্ষ গবেষক দল থাকলে শিল্প ও পরিবেশের চাহিদা বিবেচনায় মানসম্পন্ন গবেষণা পরিচালনা সম্ভব। এর সুফল সরাসরি দেশের কাজে লাগবে।
প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তাঁরা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে প্রকল্পের সুযোগ-সুবিধা পুরোপুরি কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন। প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সফল বাস্তবায়নে ডুয়েট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কামাল-আল-হাসান, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, হিট প্রকল্পগুলোর সাব-প্রজেক্ট ম্যানেজারগণ, ইউনিভার্সিটি একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড সেক্রেটারিয়েটের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন।
ইউজিসি প্রতিনিধি দলে ছিলেন বুয়েটের অধ্যাপক ড. মো. ইয়াসীর আরাফাত খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইসমাইল, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনিনুর রশিদ এবং হিট প্রকল্পের প্রোগ্রাম অফিসার জোবেদা ইয়াসমিন।
উল্লেখ্য, হিট প্রকল্পটি ২০২৩ থেকে ২০২৮ সাল মেয়াদি পাঁচ বছরব্যাপী কর্মসূচি। ইউজিসির মাধ্যমে বাস্তবায়িত এ প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো ডিজিটাল নেটওয়ার্ক ও রিসোর্স উন্নয়ন, শিখন-শেখানো পরিবেশের উন্নয়ন, উদ্ভাবন ও পেটেন্ট কার্যক্রম, মান নিশ্চিতকরণ এবং গবেষণায় প্রতিযোগিতামূলক অনুদান প্রদান।
এ প্রকল্পের আওতায় ডুয়েটে আধুনিক ল্যাবরেটরি স্থাপন, শিক্ষক ও গবেষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদ তাঁর প্রকল্পের আওতায় ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’ প্রতিষ্ঠা করেছেন।