প্রকাশের সময় :
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: ডা. শফিকুর রহমান
পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়
তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্রসমাজের ভাবনা, আগামীর বাংলাদেশ বিনির্মাণ এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দেশের পাঁচটি প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘Beyond Campus: Leading Tomorrow’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ছাত্র সংসদগুলোর প্রতিনিধিরা নিজ নিজ সংগঠনের গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন। এ সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ, অর্জন, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
প্রেজেন্টেশনের মাধ্যমে কার্যক্রম উপস্থাপন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসুর ভিপি ইব্রাহীম রনি, জকসুর ভিপি রিয়াজুল ইসলাম এবং জাকসুর জিএস মাজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান ছাত্র সংসদের প্রতিনিধিদের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, “ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অস্ত্র, কিশোর গ্যাং ও আইনশৃঙ্খলার অবনতির মধ্যেও ছাত্র সংসদের নেতৃবৃন্দ অস্থির ক্যাম্পাসগুলোকে স্থিতিশীল করেছেন, শান্তি-নিরাপত্তা ফিরিয়ে এনেছেন এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছেন।”
তিনি বলেন, এক বছরে সব কাজ শেষ করা সম্ভব না হলেও ছাত্রনেতারা সামনে এগিয়ে যাওয়ার দরজা খুলে দিয়েছেন। তাদের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
তরুণ নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, যারা এখনো শিক্ষার্থী, তারা যেন শুধু পাঁচটি বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখেন। আর যারা ছাত্রজীবন শেষ করেছেন, তাদের সততা ও নৈতিকতার মানদণ্ডে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
তরুণদের কর্মসংস্থান ও নেতৃত্বের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তরুণরা শুধু অন্যের অধীনে চাকরি করবেন না; বরং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন। ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব গ্রহণ করবেন।
মতবিনিময় সভায় ছাত্র সংসদের প্রতিনিধিরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। ডা. শফিকুর রহমান সেসব প্রশ্নের উত্তর দেন এবং তরুণ নেতৃত্বের বিকাশ, শিক্ষাঙ্গনের পরিবেশ ও দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।