, || - ||

‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য

‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশের সময় :

শিক্ষার্থীদের ভোগান্তি কমানো, মাঠপর্যায়ের সেবার মান উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে জবাবদিহি বাড়াতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ত্রৈমাসিক সমন্বয় সভা।

বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরে বাউবির উপাচার্যের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, রেজিস্ট্রার টিএম আহমেদ হুসেইনসহ বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের পরিচালক, প্রোগ্রাম অফিসার ও আঞ্চলিক কেন্দ্রের পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় সনদ সংশোধন প্রক্রিয়া সহজীকরণ, উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোতে নিয়মিত সমন্বয় সভা আয়োজন, পরীক্ষা চলাকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিশ্চিতকরণ এবং সব স্কুলের একাডেমিক ক্যালেন্ডার যথাসময়ে প্রকাশের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের হালনাগাদ বদলি নীতিমালা প্রণয়ন, জনবলের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ, নতুন প্রোগ্রাম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে প্রচার ও ব্র্যান্ডিং জোরদার এবং তৃতীয় লিঙ্গ ও নারী শিক্ষার্থীদের ভর্তিতে ফি কমানোর বিষয়টি বিবেচনার তাগিদ দেওয়া হয়। পরীক্ষায় অসাধু উপায় প্রতিরোধেও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তালেবের সঞ্চালনায় সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ মনোযোগসহকারে শোনেন উপাচার্য।

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, স্বল্প জনবল ও সীমিত অর্থনৈতিক কাঠামোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধান করা হবে। বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয় উল্লেখ করে তিনি বলেন, “বাউবি ডিগ্রি অর্জনের একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি জানান, প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি দ্রুত ই-অ্যাটেনডেন্স প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আসন্ন বাউবির ষষ্ঠ সমাবর্তন ও বিশ্ববিদ্যালয় দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণাভিত্তিকভাবে সংরক্ষণের আহ্বান

এদিকে সকালে বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে চারজন গবেষকসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বস্তুনিষ্ঠ ও গবেষণাভিত্তিকভাবে সংরক্ষণ করতে হবে। এ কাজে শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।