, || - ||

জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা

জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় :

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত MAGENDA (Mainstreaming Gender Equality in Academia) প্রকল্পের প্রতিনিধি দল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবারের এ সাক্ষাতে প্রকল্পের অগ্রগতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে জেন্ডার সমতা ও জেন্ডার-সংবেদনশীলতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সভায় বাউবিতে বাস্তবায়নাধীন Gender Equality Plan (GEP), সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা ও কমিউনিটি ক্যাম্পেইন, শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং প্রাতিষ্ঠানিক নীতিতে জেন্ডার সমতা অন্তর্ভুক্তির অগ্রগতি তুলে ধরা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবির ব্যবস্থাপনার সব ক্ষেত্রে জেন্ডার বিষয়কে মূলধারায় নিয়ে আসতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। জেন্ডার সমতাকে শুধু প্রকল্পের কার্যক্রম হিসেবে নয়, প্রশাসন, একাডেমিক কার্যক্রম, মানবসম্পদ ব্যবস্থাপনা ও শিক্ষার্থী সেবার অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি MAGENDA প্রকল্পের আন্তর্জাতিক সহযোগিতার প্রশংসা করেন এবং নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় প্রকল্পের চূড়ান্ত সম্মেলনে ‘Mainstreaming Gender Equality in Academia’ বিষয়ে মূল বক্তব্য দেওয়ার বিষয়ে সম্মতি জানান।

পরে প্রতিনিধি দল বাউবির মিডিয়া সেন্টার পরিদর্শন করে শিক্ষামূলক মিডিয়া কনটেন্ট ও ডিজিটাল শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত হয়। এ সময় জেন্ডার সচেতনতা বৃদ্ধিতে মিডিয়া অবকাঠামো ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সভায় বাউবির দুই প্রো-ভাইস চ্যান্সেলরসহ MAGENDA প্রকল্পের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।