প্রকাশের সময় :
ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে কমিটির সদস্যদের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এভিয়েশন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।
বৈঠকে বাংলাদেশকে অন্যতম প্রধান এভিয়েশন হাব ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামগ্রিক কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।
কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার সুপারিশ করে। একই সঙ্গে শূন্যপদগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটি একটি কার্যকরী টিম হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে ‘করব কাজ, গড়ব দেশ’ নীতি ধারণ করে আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিমান পরিবহন ও পর্যটন খাত গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেয়।
বৈঠকে কমিটির সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, আলতাফ হোসেন চৌধুরী এমপি, লুৎফুল্লাহেল মাজেদ এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি, মোছাঃ সুরাইয়া জেরিন এমপি, শওকত আরা আক্তার এমপি, মোঃ কামরুল হাসান এমপি এবং মোঃ আবু তালিব এমপি অংশ নেন।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।