সর্বশেষ :

রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতা শক্তিশালী করা জরুরি: তথ্যমন্ত্রী


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬ । ৬:৫১ অপরাহ্ণ
রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতা শক্তিশালী করা জরুরি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী পিআইব সেমিনার কক্ষে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক ম্যানুয়াল-এর মোড়ক উন্মোচন করেন

রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতা শক্তিশালী করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সেমিনার কক্ষে ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক একটি ম্যানুয়াল প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিআইবি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মী উভয়কেই জনগণের সঙ্গে সার্বক্ষণিক সম্পৃক্ত থাকতে হয়। তবে এই দুই ক্ষেত্রে কার্যকর জবাবদিহিতা না থাকলে জনস্বার্থ বিঘ্নিত হতে পারে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী। একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যমই রাজনীতিবিদদের ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় আনতে সক্ষম।

জহির উদ্দিন স্বপন বলেন, শুধুমাত্র জবাবদিহিতার একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে তুললেই স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম নিশ্চিত করা সম্ভব এবং জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা এগিয়ে নেওয়া যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে বিমূর্ত কোনো কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা বাস্তবসম্মত নয়। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্তৃপক্ষের অধীনে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং বিশ্বব্যাপী সুস্থ নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা রয়েছে।

গণমাধ্যমের সমস্যা সমাধানে সরকার কোনো একতরফা সিদ্ধান্ত নেবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী সংবাদপত্র মালিকদের সঙ্গে বৈঠক করেছেন। পর্যায়ক্রমে সম্পাদক ও টেলিভিশন মালিকদের সঙ্গেও আলোচনা হবে এবং অংশীজনদের মতামতের ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, এই ম্যানুয়াল অন্তর্ভুক্তিমূলক গণমাধ্যম গঠনের প্রতিশ্রুতির প্রতিফলন। সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং মানসিকতার পরিবর্তন ছাড়া প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী বলেন, জেন্ডার সমতা কেবল নীতিমালায় সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন চর্চায় প্রতিফলিত করতে হবে। সংবাদ উপস্থাপন, ভাষার ব্যবহার এবং কণ্ঠ নির্বাচন—সব ক্ষেত্রেই সংবেদনশীলতা নিশ্চিত করা জরুরি।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, গণমাধ্যমে নারীদের উপস্থাপনের ধরনে পরিবর্তন আনা প্রয়োজন এবং নতুন এই ম্যানুয়াল সাংবাদিকদের জন্য ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করবে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, গণমাধ্যম সমাজের দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ম্যানুয়ালটি গণমাধ্যমকে আরও অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল করতে সহায়ক হবে।

ম্যানুয়ালটি উপস্থাপন করেন পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শরমিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

সমন্বিত ও প্রমাণভিত্তিক প্রক্রিয়ায় প্রস্তুত এই ম্যানুয়ালটিতে জেন্ডার সংবেদনশীল ভাষার ব্যবহার, নৈতিক সাংবাদিকতা এবং অন্তর্ভুক্তিমূলক উপস্থাপনার জন্য ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি গণমাধ্যমে বিদ্যমান পক্ষপাত ও স্টেরিওটাইপ মোকাবিলার উপায়ও এতে তুলে ধরা হয়েছে।

এই উদ্যোগ সাংবাদিকদের পেশাগত চর্চায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং গণমাধ্যমকে সামাজিক পরিবর্তনের কার্যকর মাধ্যম হিসেবে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

###

প্রেসবিজ্ঞপ্তি-২৩-০৪

 

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

বাংলাদেশের মানচিত্র