সর্বশেষ :

মিয়া গোলাম পরওয়ার

‘গণভোটের রায় সম্মান করুন, সংবিধান সংস্কার কমিশন গঠন করুন’


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬ । ৩:৫৬ অপরাহ্ণ
‘গণভোটের রায় সম্মান করুন, সংবিধান সংস্কার কমিশন গঠন করুন’
গাজীপুর মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত শনিবার (১১ জুলাই) বিকেলে নগরীর পিটিআই অডিটোরিয়ামে ‘জুলাই সনদ: নতুন বাংলাদেশ নির্মাণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদের মূল চেতনা থেকে সরে গিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের সুফল ভোগ করে যারা আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদেরই উচিত গণভোটে জনগণের দেওয়া রায় যথাযথভাবে বাস্তবায়ন করা। কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি সাংবিধানিক সংস্কারের বিষয়ে ভিন্নমত প্রদর্শনের মাধ্যমে সেই অঙ্গীকার থেকে সরে আসার লক্ষণ দেখা যাচ্ছে।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৭টি সংবিধান সংশোধনের মাধ্যমে এবং ৩৭টি নির্বাহী আদেশ বা নতুন আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য হয়েছিল। অথচ মুখে সনদ বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবে প্রশাসন, স্থানীয় সরকার এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে, যা জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
বিএনপির ভিন্নমতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এক ব্যক্তি এক পদ’ নীতির আওতায় প্রধানমন্ত্রীকে দলীয় প্রধানের দায়িত্ব থেকে আলাদা রাখা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদে উচ্চকক্ষের আসন অনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বণ্টন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যদের সীমিত স্বাধীনতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য স্বাধীন নিয়োগ কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আপত্তি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, জনগণ ফ্যাসিবাদ ও দলীয়করণের বিরুদ্ধে রায় দিয়েছে। তাই রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং স্বাধীন প্রতিষ্ঠান নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়ন জরুরি। ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার কমিশন গঠন এবং সংস্কার কার্যক্রম শুরু করার আহ্বান জানান তিনি।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ, আইনসভা ও নির্বাহী বিভাগের মধ্যে কার্যকর ভারসাম্য নিশ্চিত করাই সংবিধানের অন্যতম উদ্দেশ্য। সংবিধানবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অসাংবিধানিক ঘোষণা করার এখতিয়ার সুপ্রিম কোর্টের রয়েছে।
তিনি বলেন, জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত মালিক এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে একটি জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব শেখ এ কে এম মোতাহার হোসেন এবং গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর আবুল হাসেম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান ও মো. হোসেন আলী।
এছাড়া বক্তব্য রাখেন চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ শাকিলের পিতা মো. বেলায়েত হোসেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম মোল্লা ও মো. আফজাল হোসেন, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত সম্ভাব্য মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, এনসিপি নেতা হোসাইন আল মামুন, গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুল হক ভূঁইয়া, এনডিএফের গাজীপুর মহানগর সভাপতি ডা. আমজাদ হোসেন খান এবং ইঞ্জিনিয়ার মাহবুব আলম জামি।
সেমিনারের বক্তারা গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
###

বাংলাদেশের মানচিত্র