সর্বশেষ :

প্রতিটি মানুষের খাদ্যতালিকায় ডিম নিশ্চিত করতে হবে: গাকৃবি উপাচার্য


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬ । ৬:০৯ অপরাহ্ণ
প্রতিটি মানুষের খাদ্যতালিকায় ডিম নিশ্চিত করতে হবে: গাকৃবি উপাচার্য

সবার জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে ডিমের সহজলভ্যতা বাড়ানো এবং নিরাপদ ডিম উৎপাদনে গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, ডিম যেন কেবল বিশেষ কোনো শ্রেণির মানুষের খাদ্য না হয়ে প্রতিটি মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় স্থান পায়।

শুক্রবার (৯ অক্টোবর) ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ প্রতিপাদ্যে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স (এফভিএমএএস) অনুষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল ১০টায় অনুষদীয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৩৬শে জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনের মাধ্যমে ডিমের পুষ্টিগুণ এবং সুস্বাস্থ্য রক্ষায় এর ভূমিকা তুলে ধরা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন এফভিএমএএস অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৈমুর ইসলাম।

মূল প্রবন্ধে ড. আমিনুল ইসলাম ডিমের ইতিহাস, পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং মানুষের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে এর বহুমুখী ভূমিকা সচিত্র উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, কৃষিবিজ্ঞান ও গবেষণার সঙ্গে মানুষের জীবনমান উন্নয়নের গভীর সম্পর্ক রয়েছে। মানুষের জন্য আরও নিরাপদ, পুষ্টিকর ও স্বাস্থ্যকর ডিম এবং মুরগির মাংস উৎপাদনে গবেষকদের মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে উন্নত বিশ্বের গবেষণা ও উদ্ভাবন থেকে শিক্ষা নিয়ে দেশের বাস্তবতায় কার্যকর প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে উৎপাদনব্যবস্থা ও গবেষণার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদুর রহমান এবং প্যাথোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম হায়দার। বক্তারা পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পোল্ট্রি খাতে গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোসা. খাইরুন্নেসা। এ সময় কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মো. মঞ্জুরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ফ্ল্যাশ পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ডিম কমিশনের উদ্যোগে ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রথম বিশ্ব ডিম দিবস পালিত হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
প্রতিটি মানুষের খাদ্যতালিকায় ডিম নিশ্চিত করতে হবে: গাকৃবি উপাচার্য◆‘জামায়াতকর্মী মানেই সমাজকর্মী’—গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযানে ওসমান গনি◆গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ◆অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়◆বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি◆জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা◆জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু◆হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান◆‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য◆