সর্বশেষ :

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ


আবু ইউসুফ, স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬ । ১১:৪০ অপরাহ্ণ
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গাজীপুর মহানগরীর ২৯নং ওয়ার্ডে দেড় শতাধিক মানুষের মাঝে জামায়াতের উদ্যোগে মশারি বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও মেট্রো সদর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার এফ এম জাহিদ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর খায়রুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও মেট্রো সদর থানা জামায়াতের আমীর অ্যাডভোকেট ছাদেকুজ্জামান খান।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বলেন, মশারি বিতরণের মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধে যে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে, তা আরও বিস্তৃত করতে হবে। নিজেদের পাশাপাশি আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং প্রতিবেশী ও আত্মীয়-স্বজনকে সচেতন করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী মনোনীত ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এফ এম জাহিদ আহমেদ মশারি বিতরণের মাধ্যমে যেভাবে এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন, তিনি নির্বাচিত হলে জনসাধারণের বিভিন্ন প্রয়োজনেও এভাবেই পাশে থাকবেন বলে আমরা বিশ্বাস করি।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেন খাইরুল হাসান। সীমিত সামর্থ্যের মধ্যে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে এসব কাজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

খায়রুল হাসান আরও বলেন, “জাহিদ বিজয়ী হলে মানবতা বিজয়ী হবে, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হবে। এটি হবে আপনাদের বিজয়, ২৯ নং ওয়ার্ডের বিজয়।”

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ছাদেকুজ্জামান খান বলেন, দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও দুঃখজনকভাবে এসব বরাদ্দের সুফল অনেক সময় তৃণমূল পর্যায়ে সঠিকভাবে পৌঁছায় না। সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় যথাযথভাবে পৌঁছে দিতে জাহিদ আহমেদের মতো সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার এফ এম জাহিদ আহমেদ বলেন, “আজ ডেঙ্গু প্রতিরোধে আমরা যে মশারি বিতরণ করছি, ভালো হতো যদি আপনাদের ঘরে ঘরে গিয়ে এগুলো পৌঁছে দিতে পারতাম। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, “আজ যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছি, আগামীতেও যেন এভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি, আল্লাহ তায়ালা যেন আমাকে সেই তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এই ২৯ নম্বর ওয়ার্ডের আপনাদের সেবক হতে চাই।”

এ সময় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর মিডিয়া বিভাগের প্রধান মো. শরীফ হোসেন, কমান্ডার মো. কেরামত আলী, ২৯ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মোকাররম হোসাইন, সহকারী সেক্রেটারি ইকবাল হোসেন ও ফাহিমুল ইসলাম ফয়সালসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেড় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধে মশারি তুলে দেওয়া হয়।

বাংলাদেশের মানচিত্র