সর্বশেষ :

গাজীপুরে রাষ্ট্রপতি

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বিজ্ঞানীদের ভূমিকা প্রশংসনীয়


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬ । ৭:২৯ অপরাহ্ণ
নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বিজ্ঞানীদের ভূমিকা প্রশংসনীয়

‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআই-এর অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক উপস্থাপন ও এক মতবিনিময় অনুষ্ঠান বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিএআরআই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি বিএআরআই-এর প্রধান কার্যালয়ের সামনে এসে পৌঁছালে কৃষিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর মেট্রো পুলিশ কমিশনার, গাজীপুর জেলা পুলিশ সুপার এবং ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তাঁকে ফুলেল স্বাগত জানান। এরপর বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘বারি জিন ব্যাংক’ পরিদর্শন, বৃক্ষরোপণ এবং বারি’র প্রযুক্তি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

পরবর্তীতে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি বিজ্ঞানীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতের জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদ তাঁর বক্তব্যে উৎপাদিত ফসলের সঠিক সংরক্ষণ এবং দেশের কৃষিকে বিশ্ববাজারের উপযোগী করে গড়ে তোলার ওপর তাগিদ দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বারি’র মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদির। এ ছাড়া ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআই-এর অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ক তথ্য-উপাত্ত উপস্থাপন করেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা।

আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি বিজ্ঞানী, বারি’র বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার সিনিয়র বিজ্ঞানীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ