সর্বশেষ :

গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর হিসাবে শপথ নিলেন মো: খায়রুল হাসান


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬ । ৯:৪৫ পূর্বাহ্ণ
গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর হিসাবে শপথ নিলেন মো: খায়রুল হাসান
শপথ নিচ্ছেন নব নির্বাচিত আমীর মো: খায়রুল হাসান

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের নবনির্বাচিত আমীর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মো. খায়রুল হাসান। তিনি দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং এর আগে গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতির দায়িত্বেও ছিলেন।

শনিবার (৭ নভেম্বর) গাজীপুর মহানগর জামায়াতের আয়োজনে নবনির্বাচিত আমীরের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি আ স ম ফারুক।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বিদায়ী আমীর অধ্যাপক জামাল উদ্দিন বলেন, গাজীপুর মহানগর জামায়াতের প্রতিষ্ঠাকালীন আমীর ছিলেন এসএম সানাউল্লাহ। নতুন উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে নবনির্বাচিত আমীরের নেতৃত্বে গাজীপুর মহানগর জামায়াতকে আরও সুসংগঠিত করে গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত আমীর মো. খায়রুল হাসানকে শপথবাক্য পাঠ করান জামায়াতের ঢাকা উত্তরাঞ্চলের পরিচালক উপাধ্যক্ষ আব্দুর রব। তিনি বলেন, আল্লাহর অপার সাহায্য ও সহযোগিতায় সংগঠন সামনে এগিয়ে যাচ্ছে। নেতৃত্বের ক্ষেত্রে ভুলত্রুটি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ইমাম ভুল করলে মুসল্লিদের যেমন প্রয়োজনের সময় লোকমা দেওয়া উচিত, তেমনি সংগঠনের নেতৃত্বের ক্ষেত্রেও গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ থাকা প্রয়োজন। নতুন আমীরের নেতৃত্বে গাজীপুর মহানগর জামায়াত আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত আমীরের বক্তব্যে মো. খায়রুল হাসান দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমার সামনে সমালোচনা করবেন আর গোপনে আমার জন্য দোয়া করবেন।’ সংগঠনকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা, গঠনমূলক সমালোচনা ও দোয়া কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য  মাওলানা খলিলুর রহমান মাদানী। দারসুল কোরআন পেশ করেন ঢাকা উত্তরাঞ্চলের সহকারী পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মুহাম্মদ হোসেন আলী, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা ও আবজাল হোসাইন, অফিস সম্পাদক আবু সিনা নুরুল ইসলাম মামুন এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত প্রমুখ।

শপথ অনুষ্ঠানে মহানগর কর্মপরিষদ ও মজলিসে শূরা সদস্য, বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারি, বিভাগীয় সভাপতি ও সেক্রেটারিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত আমীর মো: খায়রুল হাসানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়

মো. খায়রুল হাসান গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি চুপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল সম্পন্ন করেন।

পরবর্তীতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে সমাজকর্মে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হয়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তিনি গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি, নায়েবে আমীর এবং দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেন।

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যুব উন্নয়ন ও এলাকার অবকাঠামোগত উন্নয়ন তাঁর ঘোষিত অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমীরদের নাম ঘোষণা করা হয়। এতে গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর হিসেবে মো. খায়রুল হাসানের নাম ঘোষণা করা হয়।

###

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: ৭ নভেম্বরের সমাবেশে তারেক রহমান◆সাংবাদিকদের আপত্তিতে CFVA অ্যাওয়ার্ডে থাকছেন না পরীমণি◆গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষায় ২২২ প্রতিষ্ঠানের ১,৭০০ শিক্ষার্থী◆ডুয়েটে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত◆তুরাগ শিল্পীগোষ্ঠীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত◆গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান◆ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় ১০ দফা দাবি, জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত◆গাজীপুর জেলা জামায়াতের নতুন আমীর মাওলানা শেফাউল হকের শপথ গ্রহণ◆গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর হিসাবে শপথ নিলেন মো: খায়রুল হাসান◆শিক্ষার্থীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ত্রিপক্ষীয় চুক্তি◆কাশিমপুর কারাগারে কয়েদীর মৃত্যু◆ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা শুরু, অংশ নিচ্ছেন ৫১৯ শিক্ষার্থী◆