বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা
জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয়
উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী
‘গণভোটের রায় সম্মান করুন, সংবিধান সংস্কার কমিশন গঠন করুন’
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. সিরাজুল হক মোল্লা, সম্পাদক ড. মাহফুজ আলম

গণমাধ্যমের পেশাদারিত্ব, নৈতিকতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে গাজীপুরে সাংবাদিকদের জন্য মৌলিক সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতাই জনগণের আস্থা ধরে রাখতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
রোববার (২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল কনভেনশন হলে জেলা প্রশাসন, গাজীপুর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৮০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার হাতে জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্যপদের সনদ তুলে দেন। সম্মাননা গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। সাংবাদিক সমাজের এই সম্মান ও ভালোবাসা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।”
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বিশেষ করে শিশু অধিকার, শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতার কোনো বিকল্প নেই।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো. কামাল উদ্দিন সবুজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।
প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবাশীষ রঞ্জন সরকার সাংবাদিকতার পেশাদারিত্ব, নৈতিকতা, সততা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
বক্তারা বলেন, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতাই সত্যকে প্রতিষ্ঠিত করে এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করে। কোনো অপশক্তির কাছে গণমাধ্যমকে পরাজিত হতে দেওয়া যাবে না। সত্যনিষ্ঠ, সাহসী ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা অটুট রাখতে হবে। শিশু ও নারীর অধিকারবিষয়ক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সংবেদনশীলতা, তথ্য যাচাই এবং ভুক্তভোগীর মর্যাদা রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
কর্মশালায় সাংবাদিকতার মৌলিক নীতিমালা, নৈতিক প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য যাচাই, শিশু সুরক্ষা, শিশুশ্রম ও বাল্যবিবাহবিষয়ক আইন এবং গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে জাতীয় পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ বাস্তব অভিজ্ঞতার আলোকে সেগুলোর উত্তর দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ‘ভালো কাজের ভালো মানুষ’ উদ্যোগের অংশ হিসেবে গাজীপুরের তিনটি মানবিক ও সামাজিক কার্যক্রম নিয়ে নির্মিত তিনটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। এ সময় সমাজে ইতিবাচক উদ্যোগের স্বীকৃতি ও প্রসারে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, দায়িত্বশীল, মানবিক ও নৈতিক সাংবাদিকতা বিকাশের পাশাপাশি শিশু অধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সক্ষমতা জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।
###
আপনার মতামত লিখুন :