সর্বশেষ :

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬

জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৬ । ৫:১৪ অপরাহ্ণ
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, শহিদদের আত্মত্যাগ ইতিহাসের একটি ঘটনা নয়, বরং তা নতুন বাংলাদেশ গঠনের চিরন্তন প্রেরণা।

বুধবার (৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই শহিদদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের আঁকা ছবিতে উঠে আসে আত্মত্যাগ, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের চিত্রকর্ম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

এদিকে দিবসটি উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল ফটো কনটেস্টেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের আলোকচিত্রে ফুটে ওঠে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, দেশপ্রেম, গণমানুষের আকাঙ্ক্ষা এবং সাম্যভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টর, রেজিস্ট্রারসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহিদ স্মরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর দুইজন শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, সিনিয়র অধ্যাপক ড. মো. আবু আশরাফ খান এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা।

আলোচনা পর্বের ফাঁকে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত কবিতা, দেশাত্মবোধক গান ও আবৃত্তি পরিবেশন করেন। শিল্প-সাহিত্য ও সংস্কৃতির এসব পরিবেশনা শহিদদের আত্মত্যাগের স্মৃতিকে নতুন করে জীবন্ত করে তোলে এবং উপস্থিত সবার মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও গভীর আবেগের সঞ্চার করে।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ কেবল ইতিহাসের একটি ঘটনা নয়, এটি আমাদের বিবেক, সাহস ও দায়িত্ববোধের চিরন্তন প্রেরণা। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে জ্ঞান, মানবিকতা, ন্যায়বোধ এবং সততাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে। তরুণ প্রজন্মই বৈষম্যহীন, গণতান্ত্রিক, বিজ্ঞানমনস্ক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন বাংলাদেশে আর কখনও ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী সরকারের পতনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

শহিদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্তের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

###

বাংলাদেশের মানচিত্র