সর্বশেষ :

শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ-উপাচার্যদের রাজনীতিতে অংশ না নেওয়ার আহ্বান


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬ । ৬:৫৭ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ-উপাচার্যদের রাজনীতিতে অংশ না নেওয়ার আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক দ্বন্দ্ব, ব্যক্তিস্বার্থ ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধ্যক্ষরা শুধু প্রশাসনিক প্রধান নন, তাঁরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম কারিগর। শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও কর্মমুখী করতে তাঁদের নেতৃত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান চালু করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, অটোমেশনসহ আধুনিক প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি কারিগরি ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার সঙ্গে শিল্প খাতের সমন্বয়, ইন্টার্নশিপ এবং বহুভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী কলেজের শিক্ষকসংকট নিরসন, শূন্য পদ পূরণ, শিক্ষকদের প্রশিক্ষণ, সৌরবিদ্যুৎ স্থাপন, বৃক্ষরোপণ এবং অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী অবকাঠামো উন্নয়নের চেয়ে শিক্ষার মানোন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কারিগরি শিক্ষাকে নতুনভাবে সাজিয়ে জনগোষ্ঠীকে কর্মদক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে।

শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে শিক্ষার মানের বৈষম্য দূর করতে শিক্ষক প্রশিক্ষণ, ল্যাবরেটরি ও লাইব্রেরি সুবিধা নিশ্চিত করতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবি প্রসঙ্গে বলেন, ‘জাতীয়করণ সরকার করবে, যখন প্রয়োজন হবে। জাতীয়করণের জন্য সরকারের অর্থ ও নীতিনির্ধারণের বিষয় রয়েছে।’ তিনি জানান, বেসরকারি শিক্ষকদের পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এবং তাঁদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতিবিদরা পরামর্শ ও ম্যানিফেস্টো দেবেন, আর তা বাস্তবায়ন করাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। সম্মিলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, সংসদ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি দুর্যোগ মোকাবিলাবিষয়ক অ্যাপ ‘দুর্যোগ থেকে স্বস্তি’ প্রকাশ করা হয়।

👁️ পাঠক দেখেছেন: লোড হচ্ছে...

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ