সর্বশেষ :

আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে অবস্থান সুদৃঢ় করতে গাকৃবিতে প্রশিক্ষণ


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬ । ৬:০৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে অবস্থান সুদৃঢ় করতে গাকৃবিতে প্রশিক্ষণ

গাকৃবিতে গবেষণার আন্তর্জাতিক মান ও নৈতিকতা নিশ্চিতে দিনব্যাপী প্রশিক্ষণ

গবেষণার গুণগত মানোন্নয়ন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ‘Research Excellence & Integrity: Fostering Ethical and Responsible Research at GAU’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)। এতে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

চারটি বিশেষায়িত অধিবেশনে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। প্রথম অধিবেশনে ‘গবেষণার গুণগত মান, উদ্ভাবন ও বৈশ্বিক গবেষণা-মানদণ্ড’ বিষয়ে আলোচনা করেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি গবেষণায় মৌলিকত্ব, উদ্ভাবন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং আন্তঃবিভাগীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিতীয় অধিবেশনে ‘টেকসই উন্নয়নে দায়িত্বশীল কৃষি গবেষণার অগ্রযাত্রা’ বিষয়ে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান। তৃতীয় অধিবেশনে ‘গবেষণার সততা, প্রকাশনা-নৈতিকতা ও দায়িত্বশীল লেখকত্ব’ বিষয়ে আলোচনা করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান।

চতুর্থ অধিবেশনে ‘গবেষণার সততা নিশ্চিতকরণ: স্বচ্ছতা, পুনরুৎপাদনযোগ্যতা ও জবাবদিহি’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

প্রতিটি অধিবেশনে বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকরা গবেষণার চ্যালেঞ্জ, নৈতিক জটিলতা ও প্রকাশনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচকদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ আয়োজন বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল ও নৈতিক গবেষণাচর্চার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে গাকৃবির গবেষণার গ্রহণযোগ্যতা ও সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

👁️ পাঠক দেখেছেন: লোড হচ্ছে...

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ