সর্বশেষ :

জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণার তাগিদ গাকৃবি উপাচার্যের


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬ । ৮:৩৮ অপরাহ্ণ
জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণার তাগিদ গাকৃবি উপাচার্যের

জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে গাকৃবিতে ইফাদের আন্তর্জাতিক সেমিনার

জলবায়ু বিনিয়োগ, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কৃষি ও প্রতিবেশব্যবস্থার সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি ও প্রতিবেশব্যবস্থার সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও বিজ্ঞানভিত্তিক গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর বিনিয়োগের পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর) গাকৃবিতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ আন্তর্জাতিক সেমিনার।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সম্মেলন কক্ষে সকাল ১১টায় ‘From Climate Investment to Sustained Resilience: Lessons from IFAD Experience’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে গাকৃবি ও ইফাদের ইন্ডিপেন্ডেন্ট অফিস অব ইভালুয়েশন (আইওই)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন আইওই-ইফাদের পরিচালক ড. ইন্দ্রান নাইডু এবং একই প্রতিষ্ঠানের সেকশন প্রধান ড. কুয়েসি ম্যাক্সিমিন কোজো। এ ছাড়া উপস্থিত ছিলেন ইফাদের বাংলাদেশ, এশিয়া ও প্যাসিফিক বিভাগের কান্ট্রি ডিরেক্টর ও রিপ্রেজেন্টেটিভ ড. ইর. ভ্যালান্টাইন আচানচো, গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, প্রক্টর ও পিএইচডি গবেষকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম। তিনি একই সঙ্গে আইওই-ইফাদের মূল্যায়ন দলের জিআইএস কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সেমিনারের শুরুতে অতিথিদের স্বাগত জানানো হয়। পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও অবকাঠামোগত অগ্রযাত্রা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণার সক্ষমতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষি গবেষণার ভূমিকা এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

আলোচনায় ড. কুয়েসি ম্যাক্সিমিন কোজো জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে আটটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক তুলে ধরেন। তিনি জলবায়ু পরিবর্তনের বাস্তবতা অনুধাবন, প্রতিবেশব্যবস্থার সহনশীলতা বৃদ্ধি, জলবায়ু অঙ্গীকারকে কার্যকর উদ্যোগে রূপান্তর, সহনশীল সমাধান উদ্ভাবন এবং নীতিনির্ধারণী সিদ্ধান্তের সঙ্গে বাস্তব কর্মপরিকল্পনার সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

অন্যদিকে, ড. ইন্দ্রান নাইডু আইওইর কার্যপরিধি, মূল্যায়নের বহুমাত্রিক পদ্ধতি এবং উন্নয়ন কার্যক্রমের ফলাফল পর্যালোচনার বিভিন্ন দিক তুলে ধরেন। জলবায়ু ও কৃষি উন্নয়নসংক্রান্ত প্রকল্পের কার্যকারিতা, অর্জিত ফলাফল এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে স্বাধীন মূল্যায়নের গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি।

সেমিনারের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষক, গবেষক ও পিএইচডি শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, কৃষি গবেষণা, প্রকল্প মূল্যায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচকদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকট নয়, এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, জীবিকা ও মানবসভ্যতার জন্য এক বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন বিজ্ঞানভিত্তিক গবেষণা, কার্যকর বিনিয়োগ এবং গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগ। ইফাদের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সহযোগিতা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি ও সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।”

তিনি আরও বলেন, “আমাদের গবেষণার সাফল্য তখনই অর্থবহ হবে, যখন তার সুফল কৃষকের মাঠে পৌঁছাবে, মানুষের জীবনমান উন্নত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং অভিজ্ঞতার পারস্পরিক আদান-প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সেমিনারটি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও ইফাদের মধ্যে গবেষণা, জ্ঞান বিনিময় এবং জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

👁️ পাঠক দেখেছেন: লোড হচ্ছে...

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
তারুণ্যের সুস্থ বিনোদনে খেলাধুলার বিকল্প নেই: এমপি সালাহউদ্দিন আইউবী◆প্রকৌশল শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করছে ডুয়েট◆ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ◆‘দায়িত্ব জান্নাতের কারণ হতে পারে, আবার জাহান্নামেরও’ – মিয়াজ উদ্দিন মাস্টার◆এমপিদের এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ◆কোনাবাড়ীতে জামায়াতের পরিচিতি সভা অনুষ্ঠিত◆প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬ ইউপিতে নির্বাচন◆জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণার তাগিদ গাকৃবি উপাচার্যের◆গাজীপুর জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা◆গাজীপুর মহানগর জামায়াতের ৭ থানায় নতুন আমীর নির্বাচিত◆