সর্বশেষ :

নারী পোশাকশ্রমিকদের অধিকার ও সম্ভাবনা নিয়ে গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬ । ৯:৩০ অপরাহ্ণ
নারী পোশাকশ্রমিকদের অধিকার ও সম্ভাবনা নিয়ে গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা

তৈরি পোশাকশিল্পে নারী শ্রমিকদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে গাজীপুরে ৫৫ জন সাংবাদিককে নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব) এ কর্মশালার আয়োজন করে। এতে গাজীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। কর্মশালাটি পরিচালনা করেন সি-ক্যাবের নির্বাহী পরিচালক জেইন মাহমুদ।

এইচঅ্যান্ডএম ফাউন্ডেশনের অর্থায়নে অপরাজিতা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় পোশাকশিল্পে নারী শ্রমিকদের ভূমিকা, জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অটোমেশন ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাব, কার্বন নিঃসরণ কমানো এবং ন্যায্য রূপান্তরের বিষয়গুলো উঠে আসে।

সংবাদ পরিবেশনায় নারী শ্রমিকদের নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব দেওয়া হয়। তাঁদের অবদান, অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরতে জেন্ডার-সংবেদনশীল ভাষা ব্যবহারের আহ্বান জানানো হয়।

জেইন মাহমুদ বলেন, তৈরি পোশাকশিল্প নিয়ে সংবাদে কার্বন নিঃসরণ কমানো, ন্যায্য রূপান্তর এবং প্রযুক্তিগত পরিবর্তনের ফলে নারী শ্রমিকদের ওপর প্রভাব যথাযথ গুরুত্ব পায় না। অথচ এসব বিষয়ে বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, নারী শ্রমিকদের অভিজ্ঞতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে। সাংবাদিকদের গতানুগতিক ধারার বাইরে গিয়ে প্রতিবেদন তৈরিতে উৎসাহিত করতেই এ কর্মশালার আয়োজন।

কর্মশালায় সি-ক্যাবের সিনিয়র প্রোগ্রাম অফিসার হাসান জেমস অপরাজিতা প্রকল্প ও স্টোরি গ্র্যান্টের বিস্তারিত তুলে ধরেন।

কর্মশালা শেষে সাংবাদিকরা নারী পোশাকশ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য রূপান্তর বিষয়ে প্রতিবেদন তৈরির প্রস্তাব জমা দেন।

আয়োজকরা জানান, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ও সাভারের সাংবাদিকদের নিয়েও কর্মশালা অনুষ্ঠিত হবে। সেখান থেকেও প্রতিবেদন প্রস্তাবনা সংগ্রহ করা হবে। সব প্রস্তাবনার মধ্য থেকে সেরা ১০টি নির্বাচন করে সাংবাদিকদের ফেলোশিপ দেওয়া হবে। নির্বাচিত প্রত্যেক সাংবাদিককে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিনটি প্রতিবেদন প্রকাশ করতে হবে।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ