সর্বশেষ :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসিতে পাস ১০ হাজার ৫০৩ জন, পাসের হার ৬৪.৭৫%


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬ । ১২:৩৬ অপরাহ্ণ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসিতে পাস ১০ হাজার ৫০৩ জন, পাসের হার ৬৪.৭৫%

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা-২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।

উপাচার্যের বক্তব্য: ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “বিগত ফ্যাসিবাদী শাসনামলে ফলাফলের কৃত্রিম উল্লম্ফন দেখিয়ে শিক্ষার যে ভ্রান্ত চিত্র তুলে ধরা হয়েছিল, বর্তমান সরকার তাতে বিশ্বাস করে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রের বিগত নৈরাজ্য কাটিয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করছেন।”

তিনি আরও বলেন, “সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ও (বাউবি) সমানতালে এগিয়ে যেতে চায়। আমরা নকলমুক্ত, সুষ্ঠু ও অবাধ পরিবেশে পাবলিক পরীক্ষা আয়োজনে বদ্ধপরিকর এবং ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।”

পাশাপাশি বাউবির শিক্ষার্থীদের প্রতি শিক্ষক ও পরীক্ষকদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, “বাউবির শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা করে বিধায় শিক্ষক, সমন্বয়কারী ও পরীক্ষকদের তাদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। উত্তরপত্র মূল্যায়নে যেন কোনো ধরনের ভুলত্রুটি না থাকে, সে বিষয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে আরও যত্নবান ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

পরীক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বাউবির এইচএসসি প্রোগ্রামে ১ম ও ২য় বর্ষে মোট নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন ৪৬ হাজার ৭৬৫ জন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৮ হাজার ১৭৯ জন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ হাজার ২২২ জন শিক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৫০৩ জন উত্তীর্ণ হয়েছেন।

এবারের ফলাফলেও পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ৯ হাজার ২০৪ জন ছাত্রের মধ্যে ৫ হাজার ৭১৬ জন পাস করেছেন, যা শতকরা ৬২ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে, ৭ হাজার ১৮ জন ছাত্রীর মধ্যে ৪ হাজার ৭৮৭ জন উত্তীর্ণ হয়েছেন, যা শতকরা ৬৮ দশমিক ২১ শতাংশ।

শাখা ও গ্রেড ভিত্তিক ফলাফল: এবারের পরীক্ষায় মোট ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছেন। এছাড়া ১ হাজার ৫০৮ জন ‘A’, ৩ হাজার ৮০২ জন ‘A-’, ৩ হাজার ৫২৪ জন ‘B’, ২ হাজার ৫০৭ জন ‘C’ এবং ৪৬ জন ‘D’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

শাখাভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিক শাখায় ১৫ হাজার ৮৭ জন অংশগ্রহণকারীর মধ্যে ৯ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়েছেন (পাসের হার ৬৫.৭৩ শতাংশ)। বিজ্ঞান শাখায় ৮৩০ জনের মধ্যে ৪১৩ জন (পাসের হার ৪৯.৭৬ শতাংশ) এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৩০৫ জনের মধ্যে ১৭৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন (পাসের হার ৫৬.৭২ শতাংশ)।

আঞ্চলিক কেন্দ্রভিত্তিক ফলাফল: বাউবির ১২টি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে বগুড়া আঞ্চলিক কেন্দ্র। এই কেন্দ্রে পাসের হার ৭৭ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া রাজশাহীতে ৭৭ দশমিক ৭২ শতাংশ, ময়মনসিংহে ৭৩ দশমিক ১০ শতাংশ, বরিশালে ৭২ দশমিক ৪৮ শতাংশ, যশোরে ৭২ দশমিক ২৮ শতাংশ, কুমিল্লায় ৭০ দশমিক ৩৬ শতাংশ, সিলেটে ৭০ দশমিক ০৩ শতাংশ, খুলনায় ৬৮ দশমিক ৭৪ শতাংশ, ফরিদপুরে ৬৫ দশমিক ৪৯ শতাংশ, রংপুরে ৬৪ দশমিক ১৪ শতাংশ, ঢাকায় ৬০ দশমিক ১৩ শতাংশ এবং চট্টগ্রামে ৪৮ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

উল্লেখ্য, গত বছর (২০২৫ সালে) বাউবির এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৬২ দশমিক ৩৪ শতাংশ। সে হিসেবে এ বছর পাসের হার ২ দশমিক ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।

###

👁️ পাঠক দেখেছেন: লোড হচ্ছে...

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ