সর্বশেষ :

লাশের কফিনে ফেনসিডিল


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২০ । ১:৩০ অপরাহ্ণ
লাশের কফিনে ফেনসিডিল

০৫ অক্টোবর, লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স। গাড়িটিতে কাফনের কাপড়ে মোড়ানো ছিল তিনটি মৃতদেহ সদৃশ্য কিছু! খুলতে গিয়ে সবার চোখ যেন ছানাবড়া! মৃতদেহের আদলে সেখানে রাখা হয়েছে দুই হাজার ফেনসিডিল। লাশ পরিবহনের আড়ালে অভিনব পদ্ধতিতে মাদক চোরাচালানের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন ৪জন।

গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম সোমবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জনাব মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে রাজধানীর শাহবাগের গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ফেনসিডিলসহ একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেপ্তারকৃরা হলেন- মাহাবুবুল হাসান, হাসানুর রহমান সবুজ, মো. সোহেল মিয়া এমিল ও রোমন।

তিনি আরো জানান, লাশবাহী অ্যাম্বুলেন্স ব্যবহার করে তারা মাদকের চোরাচালান করছিলো। বিশেষ কৌশল হিসেবে তারা লাশবাহী অ্যাম্বুলেন্সের ভেতর লাশের আদলে সাদা কাপড়ে মোড়ানো ফেনসিডিলের চালান আনা নেওয়া করত। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই তারা লাশবাহী অ্যাম্বুলেন্স ব্যবহার করত। ঐ লাশবাহী গাড়িটিকে একটি কালো রংয়ের মাইক্রোবাস যাত্রী সেজে পেছন পেছনে অনুসরণ করছিল।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ৪জন কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব ফেনসিডিল ঢাকায় এনে বিক্রি করতো।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হ‌য়ে‌ছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিবির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার।

বাংলাদেশের মানচিত্র