ঈদুল আজহার তারিখ ঘোষণা: কোথায় কবে উদযাপিত হবে কোরবানির ঈদ
শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ডুয়েটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নতুন উপাচার্যের
প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে সমন্বিতভাবে কাজের আহ্বান বাউবি উপাচার্যের
উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে গাজীপুরে জামায়াতের প্রার্থী তালিকা প্রকাশ
গাজীপুরে আইনজীবীদের উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠান
এনডিএফ গাজীপুরের আয়োজনে মেডিকেল এথিক্স সেমিনার অনুষ্ঠিত
গাজীপুরে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরল প্রশাসন
কারাগার হতে হবে সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান
গাজীপুর নগরজুড়ে সবুজায়ন অভিযান, বদলে যাচ্ছে নগরীর চিত্র
কাপাসিয়ায় এক পরিবারের পাঁচ খুন: মানবিক দায়িত্বে এগিয়ে এলো জেলা প্রশাসন

ডুয়েটের ৮ম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। গত ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন।প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।
রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় সকলের সহযোগিতায় প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে সামগ্রিকভাবে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নতুন উপাচার্য।
ডুয়েটে যোগদানের আগে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল North East University Bangladesh-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৪ বছরের পেশাগত জীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর সিন্ডিকেট সদস্য, অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডীন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের Texas A&M University-এর মেরি ও’কনর প্রসেস সেফটি সেন্টারে ভিজিটিং রিসার্চ স্কলার হিসেবে দায়িত্ব পালন করেন।শিক্ষাজীবনে তিনি ভারতের Sri Venkateswara University College of Engineering থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং আয়ারল্যান্ডের Dublin City University থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
দেশি-বিদেশি পিয়ার রিভিউড জার্নালে তাঁর ৩৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিনি ৯০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে আরগোনোমিক্স অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং পরিবেশ সংশ্লিষ্ট বিষয়। গবেষণা ও অ্যাকাডেমিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্ট (আইইওএম) সোসাইটি ইন্টারন্যাশনাল থেকে ডিস্টিংগুইশড প্রফেসর অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন।
তিনি আইইওএম সোসাইটি ইন্টারন্যাশনালের জীবন সদস্য ছাড়াও Institution of Engineers Bangladesh (আইইবি), অ্যাশরেই বাংলাদেশ শাখা, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সক্রিয় সদস্য। ব্যক্তিজীবনে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর সাবেক উপাচার্য। স্ত্রী অধ্যাপক ড. সালমা আখতার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। তিনি দুই কন্যার জনক।
আপনার মতামত লিখুন :