সর্বশেষ :

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ড. নজীবুর রহমানের স্মরণে শোকসভা


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬ । ৬:৫৪ অপরাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ড. নজীবুর রহমানের স্মরণে শোকসভা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড ল’র আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. নজীবুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সভাপতিত্ব করেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আমানুল্লাহ বলেন, ড. নজীবুর রহমান ছিলেন নিরিবিলি স্বভাবের মানুষ। তিনি নিজের কাজকে ধর্মীয় দায়িত্বের মতো গুরুত্ব দিতেন। জ্ঞানচর্চা, গবেষণা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ মরহুমের সরল জীবনযাপনের কথা স্মরণ করে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন। ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন সবাইকে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ থাকা এবং বিপদে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এবং মরহুমের বড় ছেলে ও এনসিপি নেতা নাকিবুর রহমান। বক্তারা মরহুমের কর্মজীবন ও ব্যক্তিগত গুণাবলি স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকসভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মেট্রোরেলে স্ট্রোক করেন ড. মুহা. নজীবুর রহমান। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ