সর্বশেষ :

মাদক ও হতাশা প্রতিরোধে খেলাধুলার প্রসার জরুরি: মির্জা ফখরুল


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬ । ১১:৫২ অপরাহ্ণ
মাদক ও হতাশা প্রতিরোধে খেলাধুলার প্রসার জরুরি: মির্জা ফখরুল

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারজনিত আসক্তি ও হতাশার নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও আত্মবিশ্বাস গড়ে তোলার পাশাপাশি সুস্থ জাতি নির্মাণেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, তরুণদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও ক্ষতিকর অভ্যাস থেকে রক্ষা করতে খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন। এ জন্য খেলার মাঠের সংখ্যা বৃদ্ধি এবং ক্রীড়াচর্চার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

অ্যাথলেটিকসকে ক্রীড়াঙ্গনের ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ খেলায় একজন ক্রীড়াবিদের গতি, শক্তি, ক্ষিপ্রতা, শৃঙ্খলা ও সহনশীলতার পরীক্ষা হয়। অ্যাথলেটিকসে দেশের ভিত্তি যত শক্তিশালী হবে, অন্যান্য খেলাতেও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সম্ভাবনা তত বাড়বে।

খেলাধুলার মাধ্যমে জাতীয় ঐক্য ও গৌরব অর্জনের বিষয়টি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা উত্তোলন এবং বিজয়মঞ্চে জাতীয় সংগীত পরিবেশিত হওয়া গোটা জাতির জন্য গর্বের। এমন অর্জনের মুহূর্তে দেশের মানুষের পরিচয় একটাই—তারা বাংলাদেশি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে হলে নিজেদের দক্ষ খেলোয়াড় তৈরি করতে হবে। সে জন্য প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করা এবং তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপতি জানান, খেলাধুলার প্রসার, সুস্থ জাতি গঠন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে স্পোর্টস কার্ড চালু, স্পোর্টস অ্যালাউন্স প্রদান, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং জেলা পর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা।

এ ছাড়া প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ