সর্বশেষ :

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আঞ্চলিক বৈষম্য দূর করার তাগিদ


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬ । ৩:৫০ অপরাহ্ণ
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আঞ্চলিক বৈষম্য দূর করার তাগিদ

কর্ণফুলী টানেল প্রকল্পের বাস্তবায়ন ও আর্থিক লোকসানের কারণ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পরবর্তী বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

শনিবার (১৭ অক্টোবর) সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।

বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের ১ হাজার ১৫৩টি চলমান প্রকল্প, ২৫৬টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কারণ এবং বাস্তবায়ন জটিলতা নিয়ে আলোচনা হয়।

ভূমি অধিগ্রহণ, আমদানিনির্ভরতা, প্রকল্প পরিচালক নিয়োগে সমস্যা, সম্ভাব্যতা যাচাইয়ের ত্রুটি, অর্থ ছাড়ে বিলম্ব ও আন্তমন্ত্রণালয় সমন্বয়হীনতাকে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়। দীর্ঘসূত্রতা কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া মন্ত্রণালয়ের ২২১টি শূন্য পদের বিপরীতে ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানানো হয়। অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, মঈনুল ইসলাম খান এমপি, মো. সাইফুল আলম এমপি এবং মো. রাশেদুল ইসলাম রাশেদ এমপি।

এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্যরা, পরিকল্পনা বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবরা, মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ