সর্বশেষ :

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬ । ৯:১০ অপরাহ্ণ
আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর ছাত্রী ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে দলটি। তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

শনিবার (১৭ অক্টোবর) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

দাবা ইভেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। ১৪ অক্টোবর শুরু হওয়া চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে শেখার পরিবেশ ফিরিয়ে আনতে খেলাধুলায় বিনিয়োগ বাড়াতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশের আটটি বিভাগে স্পোর্টস সায়েন্স বিভাগ চালু এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

নারী ফুটবলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তাছলিমা আক্তার সেরা গোলরক্ষক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া সর্বোচ্চ গোলদাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিমা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ