সর্বশেষ :

গাজীপুরে তিন দিনের ব্যবধানে দুই ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬ । ১১:৫১ অপরাহ্ণ
গাজীপুরে তিন দিনের ব্যবধানে দুই ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরে তিন দিনের ব্যবধানে দুটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানার হারবাল বিভাগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় সোয়া এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সফিপুরে অবস্থিত কারখানাটির হারবাল বিভাগে আগুনের সূত্রপাত হয়। প্রথমে কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর ভোগরা ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের নির্বাহী পরিচালক ও প্ল্যান্টপ্রধান মো. আব্দুল খালেক বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

এর আগে গত বুধবার সকালে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের আরেকটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। তিন দিনের ব্যবধানে গাজীপুরের দুটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিল্পকারখানার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ