সর্বশেষ :

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা স্টার্টআপ ও ক্যারিয়ার নিয়ে সেমিনার


স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬ । ৩:২৮ অপরাহ্ণ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা স্টার্টআপ ও ক্যারিয়ার নিয়ে সেমিনার

গাকৃবিতে শিল্প-একাডেমিয়া সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে সেমিনার

গবেষণার বাণিজ্যিকীকরণ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বহুমুখী ক্যারিয়ার গঠনের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন, উদ্ভাবন ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারটি দুটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে শিল্প-একাডেমিয়া অংশীদারত্বের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনকে বাজারমুখী করার বিষয়ে আলোচনা হয়। দ্বিতীয় অধিবেশনে শিক্ষার্থীদের প্রচলিত চাকরির বাইরেও বিভিন্ন ক্যারিয়ার ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা তুলে ধরা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন।

সেমিনারে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এতে গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগ, উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ এবং বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে শিল্পের সঙ্গে যুক্ত করা গেলে জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধান অতিথি অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন, তৃতীয় ভাষা শেখা এবং ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুষ্ঠু ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। ২০২৬-২৭ অর্থবছরে স্টার্টআপ খাতে ৫০০ কোটি টাকা বাজেট বরাদ্দ এবং সৃজনশীল শিল্পে ৮০০ কোটি টাকা অর্থায়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি তরুণ উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে শিল্পোদ্যোক্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের অংশগ্রহণে ফটোসেশন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ